নারীর দৃষ্টিতে পুরুষ চরিত্র নির্মাণ: শৈলবালা ঘোষজায়ার ‘শেখ আন্দু’ উপন্যাসে Male Gaze ও Female Gaze-এর তুলনামূলক পাঠ

  • 28 November, 2026
  • 0 Comment(s)
  • 48 view(s)
  • লিখেছেন : তামান্না এমি
নারী লেখকের হাতে পুরুষ চরিত্রের নির্মাণ কেবল বিপরীত লিঙ্গের একটি চরিত্র নির্মাণ নয়; বরং প্রচলিত পৌরুষ, ক্ষমতা, আকাঙ্ক্ষা ও সামাজিক সম্পর্কের ধারণাকে পুনর্বিবেচনার একটি ক্ষেত্রও বটে। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জন্য নির্দিষ্ট কিছু আচরণ, কর্তৃত্ব ও ক্ষমতার একটি আদর্শ তৈরি থাকে। নারী লেখক যখন সেই কাঠামোর বাইরে দাঁড়িয়ে পুরুষ চরিত্র নির্মাণ করেন, তখন তাঁর নির্মাণে প্রচলিত পৌরুষের ধারণা যেমন প্রতিফলিত হতে পারে, তেমনই তার বিকল্প সম্ভাবনাও উন্মোচিত হতে পারে।

১. ভূমিকা

বাংলা সাহিত্যের ইতিহাসে নারী লেখকের সাহিত্যচর্চা কেবল সৃজনশীলতার প্রকাশ নয়, অনেক ক্ষেত্রেই তা ছিল প্রচলিত সামাজিক ও সাংস্কৃতিক ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে এক ধরনের বৌদ্ধিক প্রতিরোধ। ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম পর্বে নারীর শিক্ষা, স্বাধীনতা এবং আত্মপ্রকাশের সুযোগ যখন নানা বিধিনিষেধে আবদ্ধ, তখন শৈলবালা ঘোষজায়ার সাহিত্যিক আত্মপ্রকাশ বিশেষ তাৎপর্য বহন করে। তাঁর ‘শেখ আন্দু’ উপন্যাসের বিষয় নির্বাচনই সমকালীন সামাজিক সংস্কারের পরিসরে একটি সাহসী পদক্ষেপ। দরিদ্র মুসলমান মোটরচালক শেখ আনোয়ারউদ্দিন এবং হিন্দু মনিবকন্যা লতিকা, জ্যোৎস্নার ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে রচিত এই আখ্যান ধর্মীয় পরিচয়, সামাজিক শ্রেণি ও প্রচলিত সম্পর্কবিধির সীমারেখাকে প্রশ্নের মুখে দাঁড় করায়!

তবে এই উপন্যাসের তাৎপর্য কেবল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় সীমাবদ্ধ নয়। এর আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো পুরুষ চরিত্রের নির্মাণ। একজন নারী লেখক কীভাবে একজন পুরুষের শরীর, আবেগ, প্রেম, আত্মমর্যাদা, সামাজিক অবস্থান ও নৈতিকতাকে উপস্থাপন করছেন, সেই প্রশ্ন থেকেই বর্তমান আলোচনার সূত্রপাত।

বাংলা কথাসাহিত্যে নারী লেখকদের অবদান বিচার করতে গেলে তাঁদের নির্মিত নারী চরিত্রের পাশাপাশি পুরুষ চরিত্রগুলিকেও নতুন করে পাঠ করা প্রয়োজন। কারণ, নারী লেখকের হাতে পুরুষ চরিত্রের নির্মাণ কেবল বিপরীত লিঙ্গের একটি চরিত্র নির্মাণ নয়; বরং প্রচলিত পৌরুষ, ক্ষমতা, আকাঙ্ক্ষা ও সামাজিক সম্পর্কের ধারণাকে পুনর্বিবেচনার একটি ক্ষেত্রও বটে। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জন্য নির্দিষ্ট কিছু আচরণ, কর্তৃত্ব ও ক্ষমতার একটি আদর্শ তৈরি থাকে। নারী লেখক যখন সেই কাঠামোর বাইরে দাঁড়িয়ে পুরুষ চরিত্র নির্মাণ করেন, তখন তাঁর নির্মাণে প্রচলিত পৌরুষের ধারণা যেমন প্রতিফলিত হতে পারে, তেমনই তার বিকল্প সম্ভাবনাও উন্মোচিত হতে পারে।

শৈলবালা ঘোষজায়ার ‘শেখ আন্দু ‘ এই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। একজন দরিদ্র মুসলমান মোটরচালক আন্দুকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। তার সামাজিক অবস্থান, ধর্মীয় পরিচয়, প্রেম, আত্মমর্যাদা ও মানবিক সংবেদনশীলতার মধ্য দিয়ে একটি বহুমাত্রিক পুরুষসত্তার নির্মাণ ঘটেছে। আন্দু কেবল প্রেমিক বা শ্রমজীবী পুরুষ নয়; তার মধ্যে শারীরিক সক্ষমতা, জ্ঞানতৃষ্ণা, আত্মসংযম, আবেগ ও সহমর্মিতার সহাবস্থান লক্ষ করা যায়। '‌শেখ আন্দু'র নতুন সংস্করণের ভূ‌মিকা লিখতে গিয়ে শিবনারায়ণ রায় লে‌খেন, - “সম্প্রতিকালে যখন বাংলা‌দেশ, ভারত এবং পাকিস্তান -- দক্ষিণ এশিয়ার তিনটি প্রতিবেশী দেশেই  সাম্প্রদা‌য়িকতা এবং ধর্মীয় অসহিষ্ণুতা আবার প্রবল হয়ে ওঠবার চেষ্টা করছে, তখন আশি বছর আগে লেখা, এই উপন্যাসটির উদার দৃষ্টিভঙ্গির বিশেষ প্রাসঙ্গিকতা  খুবী স্পষ্ট। সাহিত্যবিচারেও বইটির মূল্য কম নয়।" শিবনারায়ণ রায় আরো জানান, "‌শৈলবালার আগে ‌কোনও বাঙা‌লি হিন্দু লেখক অথবা লেখিকা কোনও মুসলমান যুবক‌কে নায়ক এবং হিন্দু তরুণী‌কে না‌য়িকা ক‌রে উপন্যাস লি‌খে‌ছেন ব‌লে আমার অন্তত জানা নেই।" এবং, "শেখ আন্দু ব‌ঙ্কিম বা রবীন্দ্রনা‌থের উপন্যা‌সের নায়ক‌দের ম‌তো ব‌ড়ো ঘ‌রের সন্তান নয়”। (ঘোষজায়া, শেখ আন্দু, ভূমিকা: শিবনারায়ণ রায়, ২০১৭)

আলোচ্য প্রবন্ধে Male Gaze ও Female Gaze-এর তাত্ত্বিক ধারণার সাহায্যে শেখ আন্দু উপন্যাসে পুরুষচরিত্র নির্মাণের প্রকৃতি বিশ্লেষণ করা হবে। বিশেষত, আন্দুর শরীর, ব্যক্তিত্ব, প্রেম ও সামাজিক পরিচয় কীভাবে নারীচরিত্রের দৃষ্টিতে মূল্যায়িত হয়েছে এবং সেই মূল্যায়ন প্রচলিত পৌরুষের ধারণাকে কতটা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, সেটি এই আলোচনায় দেখানোর চেষ্টা করা হয়েছে।

২. তাত্ত্বিক পরিপ্রেক্ষিত: Male Gaze ও Female Gaze

Male Gaze বা পুরুষদৃষ্টি ধারণাটি মূলত চলচ্চিত্র তাত্ত্বিক লরা মালভে তাঁর ‘Visual Pleasure and Narrative Cinema’ (১৯৭৫) প্রবন্ধে বিশ্লেষণ করেন। তাঁর মতে, প্রচলিত চলচ্চিত্র ভাষায় নারীকে প্রায়শই পুরুষের দৃষ্টির উপভোগ্য বস্তু হিসেবে উপস্থাপন করা হয়। মালভে লিখেছেন: “The determining male gaze projects its phantasy on to the female figure which is styled accordingly.” ( Laura Mulvey, 1975, p-11.)

অর্থাৎ, পুরুষ দৃষ্টি নারী চরিত্রের ওপর নিজের কল্পনা ও আকাঙ্ক্ষা আরোপ করে এবং সেই অনুযায়ী তাকে উপস্থাপন করে। এখানে নারী হয়ে ওঠে দেখার বস্তু, আর পুরুষ থাকে দৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রক।

যদিও মালভের তত্ত্বটি মূলত চলচ্চিত্রের দৃশ্যভাষা বিশ্লেষণের জন্য নির্মিত, তবুও সাহিত্যে চরিত্রের উপস্থাপন, শরীরের বর্ণনা এবং আকাঙ্ক্ষার বিন্যাস বিশ্লেষণেও ধারণাটি প্রয়োগ করা যায়। তবে সাহিত্যে এর প্রয়োগ সরাসরি নয়; বর্ণনাকারীর অবস্থান, চরিত্রের দৃষ্টিকোণ এবং কাহিনির ক্ষমতাসম্পর্ক বিচার করে এই ধারণাকে ব্যবহার করতে হয়।

অন্যদিকে Female Gaze বা নারীদৃষ্টি কেবল নারী লেখকের দৃষ্টিভঙ্গির সমার্থক নয়। এটি এমন এক বিশ্লেষণী অবস্থান, যেখানে নারী বা পুরুষ—যে কোনও চরিত্রকে নিছক দেখার বস্তু হিসেবে না দেখে, তার অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা ও ব্যক্তিসত্তাকে গুরুত্ব দেওয়া হয়। আবার, আলোচনায় পুরুষ চরিত্রও দেখার বস্তু হয়ে উঠতে পারে। ফলে পুরুষের শরীর, আবেগ, দুর্বলতা ও আকাঙ্ক্ষা নতুনভাবে পাঠের সুযোগ তৈরি করে দেয়।

পুরুষসত্তার বহুত্ব বোঝার ক্ষেত্রে আর. ডব্লিউ. কনেলের Masculinities তত্ত্বও গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন: “To recognize diversity in masculinities is not enough. We must also recognize the relations between the different kinds of masculinity: relations of alliance, dominance and subordination.” (R. W. Connell, 1995, p-37.)

অর্থাৎ, পৌরুষের বহুত্বকে স্বীকার করাই যথেষ্ট নয়; বিভিন্ন ধরনের পৌরুষের মধ্যে মৈত্রী, আধিপত্য ও অধস্তনতার সম্পর্ক গুলিকেও স্বীকার করতে হবে। এই ধারণার সাহায্যে আন্দুর সামাজিক অবস্থান ও তার পৌরুষের স্বরূপ বিশ্লেষণ করা সম্ভব।

৩. আন্দুর শরীর ও ব্যক্তিত্ব: পুরুষদেহের বিকল্প উপস্থাপন

আন্দুর চরিত্রের একটি উল্লেখযোগ্য দিক তার শারীরিক উপস্থিতি। সে পরিশ্রমী, শক্তিশালী এবং পেশাগত কাজে দক্ষ। তার শরীর শ্রম ও অভিজ্ঞতার পরিচায়ক। প্রচলিত পুরুষতান্ত্রিক দৃষ্টিতে পুরুষের শক্তিশালী শরীর ক্ষমতা, কর্তৃত্ব ও আধিপত্যের প্রতীক হয়ে উঠতে পারে। কিন্তু শৈলবালা ঘোষজায়া আন্দুর শারীরিক শক্তিকে কেবল কর্তৃত্ব প্রতিষ্ঠার উপকরণ হিসেবে ব্যবহার করেননি। উপন্যাসের তার পেশাগত দক্ষতার বর্ণনায় লেখিকা লিখেছেন: “সচরাচর আন্দু ঘোড়ার মুখে লাগাম না দিয়া ঘোড়া ছুটাইত। ঘোড়ার ঘাড়ের কেশগুচ্ছ মুঠাইয়া ধরিয়া, কান ধরিয়া লাগামের অভাব সারিয়া লইত।” (সেখ আন্দু, ১৯৫৪, পৃ-৯)

এই বর্ণনায় আন্দুর শারীরিক দক্ষতা ও পেশাগত অভ্যাস ফুটে উঠেছে। তার শরীর এখানে কেবল সৌন্দর্য বা আকর্ষণের বিষয় নয়; শ্রম, অভিজ্ঞতা ও দক্ষতার বাহক। ফলে পুরুষ দেহকে শুধু পেশিশক্তি বা আধিপত্যের প্রতীক হিসেবে না দেখে তার শ্রমজীবী বাস্তবতার সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে।

আন্দুর ব্যক্তিত্বের আরেকটি দিক তার আত্মমর্যাদাবোধ। সামাজিক অবস্থানে সে প্রান্তিক হলেও নিজের কাজ ও দক্ষতার বিষয়ে সচেতন। তার বিনয়কে দুর্বলতা বলে ধরে নেওয়া যায় না; বরং আত্মসম্মান ও দায়িত্ববোধের সঙ্গে তার আচরণকে বিচার করতে হয়।

৪. জ্ঞানতৃষ্ণা ও মননশীলতা

আন্দুর চরিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার জ্ঞান অর্জনের আগ্রহ। সামাজিক অবস্থানের বিচারে সে দরিদ্র, পেশায় মোটরচালক এবং উচ্চবর্গীয় সমাজের বাইরে অবস্থান করে। কিন্তু তার এই সামাজিক অবস্থান তার মানসিক জগৎকে সীমাবদ্ধ করে না। তার মধ্যে জানার আগ্রহ, চিন্তাশীলতা এবং আত্মবিকাশের আকাঙ্ক্ষা রয়েছে। এই বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ, কারণ প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গিতে নিম্নবর্গীয় পুরুষকে প্রায়শই শ্রমজীবী পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে দেখা হয়। কিন্তু শৈলবালা আন্দুকে সেই একমাত্রিক পরিচয়ের মধ্যে আবদ্ধ রাখেননি। তার মননশীলতা ও  আত্মবিকাশের আকাঙ্ক্ষা তাকে একটি স্বতন্ত্র ব্যক্তিসত্তা প্রদান করেছে। এই নির্মাণে পুরুষের সামাজিক পরিচয়ের পাশাপাশি তার বৌদ্ধিক সম্ভাবনাও গুরুত্ব পেয়েছে।

৫. প্রেম, আকাঙ্ক্ষা ও আত্মসংযম

আন্দুর প্রেমের অভিজ্ঞতা তার চরিত্র নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। জ্যোৎস্নার প্রতি তার আকর্ষণ ও ভালোবাসা কাহিনিতে জটিলতা তৈরি করে। অন্যদিকে লতিকার সঙ্গে তার সম্পর্কেও আকর্ষণ, সামাজিক দূরত্ব ও মানসিক টানাপোড়েনের বিভিন্ন দিক প্রকাশিত হয়। এই দুই নারী চরিত্রের ভূমিকা এক নয়; তাঁদের অভিজ্ঞতা ও আন্দুর সঙ্গে সম্পর্কও পৃথক ভাবে বিচার করা প্রয়োজন।

পুরুষতান্ত্রিক সমাজে প্রেমের সম্পর্কেও পুরুষের অধিকারবোধ ও কর্তৃত্ব অনেক সময় স্বাভাবিক বলে বিবেচিত হয়। কিন্তু আন্দুর চরিত্রে সেই আধিপত্যবাদী মনোভাবকে সরলভাবে প্রতিষ্ঠা করা হয়নি। তার প্রেমের মধ্যে আকাঙ্ক্ষা যেমন রয়েছে, তেমনই রয়েছে সংযম ও আত্মমর্যাদাবোধ। সে কেবল নিজের আকাঙ্ক্ষাকে সম্পর্কের একমাত্র নিয়ামক করে তোলে না।

এই দিক থেকে আন্দুর চরিত্র প্রচলিত পৌরুষের একমাত্রিক ধারণাকে জটিল করে তোলে। পুরুষের শক্তি মানেই কর্তৃত্ব নয়, প্রেম মানেই অধিকার নয়—এই সম্ভাবনাটি তার চরিত্রের মধ্যে তৈরি হয়েছে।

৬. নারীচরিত্রের দৃষ্টিতে আন্দু: Female Gaze-এর সক্রিয়তা

লতিকার দৃষ্টিতে আন্দুর পুনর্মূল্যায়ন Female Gaze বিশ্লেষণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। লতিকা আন্দুর আচরণ, ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলিকে নতুন ভাবে উপলব্ধি করে। এই উপলব্ধির সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ পাওয়া যায় একটি বাক্যে: “এতক্ষণে সে দেখিল, আন্দুর নম্র মহত্ত্ব কত সুন্দর!”  (সেখ আন্দু, ১৯৫৪, পৃ-১৩৫)

এই বাক্যটি উপন্যাসের পুরুষচরিত্র নির্মাণের আলোচনায় বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে আন্দুর সৌন্দর্য তার শারীরিক গঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। লতিকা তার নম্রতা ও মহত্ত্বের মধ্যে সৌন্দর্য আবিষ্কার করছে। অর্থাৎ পুরুষের সৌন্দর্যকে কেবল পেশিশক্তি, শারীরিক আকর্ষণ কিংবা কর্তৃত্বের ভিত্তিতে বিচার করা হচ্ছে না; তার নৈতিক ও মানবিক গুণও সৌন্দর্যের উপাদান হয়ে উঠেছে। এই দৃষ্টিভঙ্গি Female Gaze-এর একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা প্রকাশ করে। নারীদৃষ্টি এখানে পুরুষকে নিছক আকর্ষণের বস্তু করে না; বরং তার চরিত্র, আচরণ ও মানবিক গুণাবলিকে মূল্যায়ন করে। লতিকার দৃষ্টিতে আন্দুর এই পুনর্মূল্যায়ন পুরুষসত্তাকে নতুনভাবে পাঠের সুযোগ তৈরি করে। তবে এই দৃষ্টিকে কেবল নারীর চোখে পুরুষের সৌন্দর্য আবিষ্কার বলে সীমাবদ্ধ করা উচিত নয়। এর গভীরে রয়েছে সামাজিক অবস্থান ও ব্যক্তিত্বের ব্যবধান অতিক্রম করে একজন মানুষকে নতুন ভাবে চেনার প্রক্রিয়া।

৭. আবেগ, সংবেদনশীলতা ও বিকল্প পৌরুষ

আন্দুর চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার আবেগ প্রবণতা। “মমতা-বিগলিত আন্দুর চক্ষের কোণে এক বিন্দু অশ্রু ফুটিয়া উঠিল।” (সেখ আন্দু, ১৯৫৪, পৃ-১৩৫)

এই বর্ণনায় আন্দুর আবেগ প্রবণতা প্রকাশিত হয়েছে। প্রচলিত পৌরুষের ধারণায় পুরুষের কান্না, আবেগ বা দুর্বলতাকে অনেক সময় পৌরুষের বিপরীত বলে বিবেচনা করা হয়। কিন্তু শৈলবালা আন্দুর চোখের জলকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখাননি; বরং তার মানবিক সংবেদনশীলতার প্রকাশ হিসেবে উপস্থাপন করেছেন।

একই অংশে আন্দুর বিনীত উচ্চারণ: “না-না দিদিমণি, আপনারা এই গোলামের অপরাধ মাপ করবেন।” (সেখ আন্দু, ১৯৫৪, পৃ-১৩৫)

এই সংলাপে তার বিনয় ও সামাজিক অবস্থানের সচেতনতা প্রকাশিত। ‘গোলাম’ শব্দটির ব্যবহার তার অধস্তন সামাজিক অবস্থান ও সম্পর্কের ক্ষমতাগত অসমতাকে সামনে আনে। ফলে আন্দুর বিনয়কে শুধু ব্যক্তিগত গুণ হিসেবে না দেখে সামাজিক শ্রেণিবিন্যাসের প্রেক্ষিতেও বিচার করা প্রয়োজন।

এখানে Female Gaze-এর তাৎপর্য হলো, নারীচরিত্রের দৃষ্টিতে পুরুষের আবেগ ও সংবেদনশীলতা মূল্যায়নের বিষয় হয়ে উঠেছে। পুরুষকে আবেগহীন, কঠোর ও কর্তৃত্বপরায়ণ সত্তা হিসেবে দেখার প্রচলিত ধারণা এই উপস্থাপনায় প্রশ্নের মুখে পড়ে!

৮. মানবিকতা ও শ্রেণিগত সংহতি

আন্দুর মানবিকতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ ঘটে অন্য এক দরিদ্র ও নির্যাতিত মানুষের প্রতি তার আচরণে। উপন্যাসে, একটি  ঘটনায় রামলালের হাতে নির্যাতিত এক মজুরের প্রতি আন্দু সহমর্মিতা প্রকাশ করে। “আন্দুর সহৃদয়তায় সে আকুল হইয়া কাঁদিয়া ফেলিল, আন্দুও চোখের জল রাখিতে পারিল না।” (সেখ আন্দু, ১৯৫৪, পৃ- ১৩৯)

এই ঘটনা আন্দুর চরিত্রের মানবিক দিকটিকে বিশেষভাবে উন্মোচিত করে। সে শুধু নিজের ব্যক্তিগত সম্পর্ক বা আকাঙ্ক্ষার মধ্যে আবদ্ধ নয়; অন্যের দুঃখও তাকে স্পর্শ করে। একজন নির্যাতিত শ্রমজীবী মানুষের প্রতি তার সহমর্মিতা শ্রেণিগত সংহতিরও ইঙ্গিত বহন করে।

এখানে আন্দুর পৌরুষ আধিপত্য বা ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে নয়, বরং সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তার চোখের জল ব্যক্তিগত দুর্বলতা নয়; অন্যের যন্ত্রণার সঙ্গে নিজেকে যুক্ত করার ক্ষমতার প্রকাশ। এইভাবে শৈলবালা তাঁর উপন্যাসে পুরুষের আবেগ ও মানবিকতাকে তার পৌরুষের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছেন।

৯. ধর্মীয় ও শ্রেণিগত প্রান্তিকতা

আন্দুর চরিত্র বিশ্লেষণে তার ধর্মীয় ও শ্রেণিগত পরিচয়কে উপেক্ষা করা যায় না। সে মুসলমান এবং পেশায় মোটরচালক; অন্যদিকে কাহিনির সামাজিক পরিসর হিন্দু পরিবারের সঙ্গে যুক্ত। ফলে তার ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে ধর্মীয় ও শ্রেণিগত ব্যবধানও জড়িয়ে পড়ে।

এই ব্যবধান কেবল ব্যক্তিগত সম্পর্কের বাধা নয়; এটি সমাজের ক্ষমতা কাঠামোরও পরিচায়ক। একজন দরিদ্র মুসলমান শ্রমজীবী পুরুষের সঙ্গে উচ্চতর সামাজিক অবস্থানে থাকা হিন্দু পরিবারের সম্পর্কের মধ্যে অসমতা ও দূরত্ব কাজ করে। আন্দুর ব্যক্তিসত্তা এই সামাজিক ব্যবধানের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে।

কনেলের পৌরুষতত্ত্বের আলোকে বলা যায়, পুরুষসত্তা একক বা অভিন্ন নয়; সামাজিক ক্ষমতা, শ্রেণি ও অন্যান্য পরিচয়ের ভিত্তিতে পুরুষের অবস্থানও ভিন্ন হয়। আন্দুর পৌরুষ তাই শুধু পুরুষ হওয়ার পরিচয়ে নির্ধারিত নয়; তার ধর্মীয় ও শ্রেণিগত অবস্থানও সেই পরিচয়ের নির্মাণে ভূমিকা রাখে।

১০. উপন্যাসটির সাহিত্যিক তাৎপর্য

শেখ আন্দু উপন্যাসটির সাহিত্যিক গুরুত্ব সম্পর্কে ড. সুকুমার সেন ও ড. শিশিরকুমার দাশের মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘বিস্মৃতির অন্ধকারে : শৈলবালা ঘোষজায়া’ শীর্ষক আলোচনায় ড. সুকুমার সেন লিখেছেন: “শৈলবালা তাঁহার প্রথম সম্পূর্ণ প্রকাশিত উপন্যাস শেখ আন্দু-র প্লটে একটু বিশেষরকম স্বাধীনতা ও সাহসিকতা দেখাইয়াছিলেন।”

অন্যদিকে ড. শিশিরকুমার দাশের বক্তব্য: “মুক্ত বুদ্ধি ও সংস্কারের যে পরিচয় এই উপন্যাসে আছে তার জন্য শেখ আন্দু বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে থাকবে।” (নির্বাচিত ৩০, ২০২৪, পৃ-৬১)

এই দুই সমালোচকের বক্তব্য থেকে উপন্যাসটির বিষয় নির্বাচন ও চিন্তাগত অভিনবত্বের দিকটি স্পষ্ট হয়। একজন মুসলমান, দরিদ্র শ্রমজীবী পুরুষকে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র করে তার প্রেম, মননশীলতা, আত্মমর্যাদা ও মানবিকতাকে গুরুত্ব দেওয়া তৎকালীন সাহিত্যিক পরিসরে তাৎপর্যপূর্ণ। এই দৃষ্টিকোণ থেকে আন্দুর চরিত্রকে বিকল্প পুরুষসত্তার একটি সম্ভাব্য নির্মাণ হিসেবে ও পাঠ করা যায়।

১১. উপসংহার

শৈলবালা ঘোষজায়ার ‘শেখ আন্দু’  উপন্যাসে পুরুষ চরিত্র নির্মাণের বৈশিষ্ট্য হলো, আন্দুকে প্রচলিত পৌরুষের একমাত্রিক আদর্শে আবদ্ধ না রাখা। তার মধ্যে শারীরিক শক্তি যেমন আছে, তেমনই আছে সংবেদনশীলতা; প্রেমের আকাঙ্ক্ষা যেমন আছে, তেমনই আছে আত্মসংযম; সামাজিক প্রান্তিকতা যেমন রয়েছে, তেমনই রয়েছে আত্মমর্যাদা ও মননশীলতা।

Male Gaze ও Female Gaze-এর তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, উপন্যাসে দৃষ্টির সম্পর্ক একমুখী নয়। আন্দু নারী চরিত্রকে পর্যবেক্ষণ করে, আবার নারীচরিত্রও আন্দুর শরীর, আচরণ ও ব্যক্তিত্বকে মূল্যায়ন করে। বিশেষত, লতিকার দৃষ্টিতে আন্দুর “নম্র মহত্ত্ব” সৌন্দর্যের বিষয় হয়ে ওঠে। এই মূল্যায়ন পুরুষের সৌন্দর্য ও পৌরুষকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।

তবে Female Gaze-এর তাৎপর্য শুধু পুরুষের শরীরকে আকর্ষণীয় করে তোলায় নয়; বরং তার অভিজ্ঞতা, আবেগ, সীমাবদ্ধতা ও মানবিক সত্তাকে স্বীকৃতি দেওয়ায়। আন্দুর চোখের জল, অন্যের দুঃখে সহমর্মিতা এবং আত্মমর্যাদাবোধ তার পৌরুষকে আধিপত্যের বাইরে এনে মানবিকতার ভিত্তিতে বিচার করার সুযোগ তৈরি করে।

অতএব, শেখ আন্দু উপন্যাসে শৈলবালা ঘোষজায়া কেবল একজন মুসলমান শ্রমজীবী পুরুষের প্রেমকাহিনি রচনা করেননি; তিনি এমন এক পুরুষসত্তার নির্মাণ করেছেন, যার মধ্য দিয়ে প্রচলিত পৌরুষ, সামাজিক শ্রেণিবিভাজন এবং ধর্মীয় পরিচয়ের সীমাবদ্ধতাকে নতুনভাবে প্রশ্ন করতে পারে । নারী লেখকের হাতে পুরুষচরিত্রের এই নির্মাণই উপন্যাসটির অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক তাৎপর্য।

 

গ্রন্থপঞ্জি

প্রাথমিক পাঠ

১। ঘোষজায়া, শৈলবালা, ‘শেখ আন্দু’, তৃতীয় সংস্করণ, জানুয়ারি ১৯৫৪। ডিজিটাল প্রতিলিপি

সহায়ক পাঠ

২। দাস, গোপাল। “বিস্মৃত লেখিকা শৈলবালা ঘোষজায়া।” প্রগতিশীল সাহিত্য। https://www.purogamisahityo.com/shailabala-ghoshja

৩। চক্রবর্তী, সুগত। “শৈলবালা ঘোষজায়া, এক বিস্মৃত কলম-বিপ্লবী।” জাগো বাংলা, ২ জুলাই ২০২২। https://jagobangla.in/a-revolutionary-woman/⁠ 

৪। মুখোপাধ্যায়, অরুণ। ‘নির্বাচিত ৩০’ দোসর পাবলিকেশন, ২০২৪

৫। ঘোষজায়া, শৈলবালা। “শেখ আন্দু। ভূমিকা: শিবনারায়ণ রায়।” কলকাতা: চিরায়ত প্রকাশন প্রাঃ লিঃ, ২০১৭

৬। Connell, R. W. Masculinities. Berkeley: University of California Press, 1995.

৭। Goddard, Kevin. “Looks Maketh the Man: The Female Gaze and the Construction of Masculinity.” The Journal of Men’s Studies, Vol. 9, No. 1, 2000, pp. 23–39. https://doi.org/10.3149/jms.0901.23

7. Mulvey, Laura. “Visual Pleasure and Narrative Cinema.” Screen, Vol. 16, No. 3, Autumn 1975, pp. 6–18. https://doi.org/10.1093/screen/16.3.6⁠ 

লেখক : গবেষক, প্রাবন্ধিক 

ছবি : সংগৃহীত 

0 Comments

Post Comment