- 09 November, 2026
- 0 Comment(s)
- 64 view(s)
- লিখেছেন : শতরূপা সিংহ
অর্ধরাত্রের কৃষ্ণপক্ষের নবমীর চাঁদের ম্লান আলো জানলার গরাদের ফাঁক গলে ঘরের মেঝেতে এসে পড়েছে। টানটান করে পাতা বিছানার উপর অকাতরে ঘুমাচ্ছে দুই বছরের একটি শিশুপুত্র। স্বপ্নে আবিল শিশুটির মুখের স্মিতহাস্যকে ঢেকে রেখেছে আসন্ন মৃত্যুর ছায়া। শিশুটিকে হত্যার জন্য তার জন্মদাত্রী অনন্যার হাতে একটি শাণিত ছুরি তুলে দিয়ে অমল ফিসফিস করে কিছু বললো। শিশুটির গলা লক্ষ্য করে ছুরি চালানোর ঠিক আগের মূহুর্তে হাত কাঁপতে শুরু করলো অনন্যার। যে মেয়ে জীবনে একটি মশাও ঠিক করে মারতে পারেনা আজ তারই ঘাড়ে নিজের সন্তানকে হত্যা করার দায়িত্ব পড়েছে। হেমন্তের শীতেও অনন্যার হাতটা ঘেমে উঠছে। ছুরিটা হয়ত আর কিছুক্ষণের মধ্যেই হাত থেকে পিছলে পড়ে যাবে। শিশুটির মুখের দিকে তাকিয়ে অনন্যা মনে করার চেষ্টা করলো ঠিক বছর দুই আগের দীপাবলির এক ভয়াবহ রাতের কথা। অনন্যার বয়স তখন সবে সতেরো। মাধ্যমিক পরীক্ষার গণ্ডি সবেমাত্র পেরিয়েছে। সেই রাতে অনন্যা ও তার স্কুলের কয়েকজন বন্ধু মিলে এক বান্ধবীর বাড়িতে পার্টিতে আনন্দ করতে গিয়েছিল। কিন্তু সেই আলোর উৎসবেই অনন্যার জীবন জুড়ে নেমে এলো অন্ধকার। সেদিন অনন্যার ড্রিঙ্কসে মাদক মিশিয়ে দিয়ে তাকে ধর্ষণ করে ঐ বান্ধবীর মামাতো দাদা। জ্ঞান ফেরার পর অনন্যার যখন সবকিছু মনে পড়ে তখন লজ্জায় সে কোনো প্রতিবাদ করে উঠতে পারেনি। কিছুদিন পর অনন্যা যখন তার গর্ভধারণের কথা বুঝতে পারে তখন বাড়ির সকলের কাছে বিষয়টি আর চাপা থাকেনা। তখন অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার একমাত্র উপায় ছিল এই শিশুটি। কিন্তু এখন তার প্রয়োজন ফুরিয়েছে। অপরাধী তার শাস্তি পেয়েছে। অনন্যাকে তখন বিচার পাওয়ার লড়াইয়ে অমল অনেক সাহায্য করেছিল। অমল বললো, ‘এখন পিছিয়ে এলে হবে না অনন্যা, ঐ পাপটাকে তুমি শেষ করে দাও।’ অনন্যা বললো, ‘বাচ্চাটাকে দেখে তোমার মায়া হচ্ছে না? ও যে আমার সন্তান, আমার অংশ।’ অমল বললো, ‘আমি শুধু তোমাকে চাই, তোমার অবৈধ সন্তানটাকে নয়। অতীতটাকে ভুলে যাও অনন্যা।’ অনন্যা বললো, ‘অতীতকে ভোলা যায় না অমল। আচ্ছা, তুমি কি কেটে ছিঁড়ে দুমড়ে মুচড়ে যাওয়া এই আমিটাকে স্বীকার করতে পারোনি?’ অমল বললো, ‘নিজেকে দুর্বল করে ফেলো না অনন্যা। আমরা দুজন খুব সুখে থাকবো দেখো। তোমার ঐ লজ্জাজনক অতীতটার কথা আমি কাউকে জানতে দেবোনা। কিন্তু সময় নষ্ট না করে আগে ঐ বাধাটাকে চিরতরে দূর কর। বুঝেছি, তোমাকে দিয়ে হবেনা। আমাকে নিশব্দে দুর্ঘটনাটার অস্তিত্ব মুছে ফেলতে দাও।’ এই বলে সে অনন্যার হাত থেকে ছুরিটা নেওয়ার চেষ্টা করলো কিন্তু অনন্যা অমলকে ঠেলে দরজার চৌকাঠের বাইরে বের করে দিয়ে বললো, ‘আমি তোমার মনের মত হয়ে উঠতে পারবো না অমল। তুমি আমাকে কক্ষনো ভালোই বাসোনি।’ এই বলে অমলের মুখের ওপর অনন্যা দরজা বন্ধ করে দিল।
লেখক: শিক্ষার্থী, ছোটগল্পকার
ছবি: সংগৃহীত
0 Comments
Post Comment