খ্যাতির খাতিরদারি নবনীতার আত্মলোপ

  • 21 November, 2026
  • 0 Comment(s)
  • 52 view(s)
  • লিখেছেন : দেবযানী বসু সেন
নবনীতা দেবসেন পদ্মশ্রী প্রাপ্তির পর টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেখেছিলাম। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি প্রশ্ন রাখলেন (যা তাঁরা করেই থাকেন) “এতটা খ্যাতি পাবার পর আপনার মনে হয় না কিছু না পারা আপনার থাকতেও পারে?” স্বদেশে বিদেশে অভিনন্দিত ব্যক্তিত্ব উত্তর দিলেন ‘হ্যাঁ আমি ততটা ভালো স্ত্রী হয়ে উঠতে পারিনি।’ দর্শকহিসেবে স্তম্ভিত করেছিল ২০০০ সালে স্বনামে খ্যাত লেখিকার উত্তর।

ট্রাকবাহনে ম্যাকমোহনে” চলে গেলেন ছোট থেকে হাঁফানিতে  ভোগা মানুষটি। দামী কাঞ্জিভরম শাড়ি পরে কুম্ভ মেলায় থেবড়ে মাটিতে বসেই থাকেন। তাঁবুতে রাত কাটানোতে নেই সংকোচ; এমন ‘brave lady’ একার জীবনে খেদ থাকবে না এমনই ভাবি আমরা।

 

নবনীতা দেবসেন পদ্মশ্রী প্রাপ্তির পর টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেখেছিলাম। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি প্রশ্ন রাখলেন (যা তাঁরা করেই থাকেন) “এতটা খ্যাতি পাবার পর আপনার মনে হয় না কিছু না পারা আপনার থাকতেও পারে?” স্বদেশে বিদেশে অভিনন্দিত ব্যক্তিত্ব উত্তর দিলেন ‘হ্যাঁ আমি ততটা ভালো স্ত্রী হয়ে উঠতে পারিনি।’ দর্শকহিসেবে স্তম্ভিত করেছিল ২০০০ সালে স্বনামে খ্যাত লেখিকার উত্তর।

 

প্রতিদিন, রোববার তসলিমা নাসরিন সংখ্যা (৯ আগষ্ট ২০২৬ — ফিরে চল মাটির টানে) সম্পাদকীয়তে অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখছেন — “তখন আমার নিজের একটি শো ছিল। চার বছর ধরে চলা টক শো, নাম ‘পরম্পরা’...টক শো-র শেষদিকে নবনীতাদিকে বলেন তসলিমা — “আচ্ছা, তুমি কেন এখনও ‘সেন' পদবীটি ব্যবহার করো? তোমাদের তো বহুকাল আগে বিচ্ছেদ হয়ে গিয়েছে …. ” নবনীতাদি বলেছিলেন — ‘এটাতো আমার ইচ্ছে, সেখানে বিবাহ কিংবা অবিবাহের কোনও বিষয় বাধা হতে পারে না।’ ১ এখানেই নবনীতার দৃঢ়তা, জীবন দৃষ্টির স্বতন্ত্রতা।

 

‘ভালোবাসার বারান্দা’ নামে কলাম বার হতো ‘রোববার’ সাপ্তাহিকীতে। সেখানে মানুষ, স্থান সমাজ, যে রূপে ধরা দেয় তা সমন্বয় বার্তা আনে দেশ-বিদেশে, কাল থেকে কালান্তরে, মানুষ থেকে প্রকৃতিতে।

“কত আহ্লাদই হয়েছিল — কজন বাঙালি মা তার মেয়েদের বাবার নোবেল প্রাইজ পাওয়া দেখতে পেয়েছে? ... কিন্ত আনন্দের তাণ্ডব নৃত্যে মন ধাধিয়ে গেছে। ছিল দারুণ, হয়ে গেছে নিদারুণ।” ২

 

উক্তিটি নেওয়া গেল নবনীতা দেবসেন-এর ‘জরা হটকে, জরা বঁচকে ইয়ে হ্যায় নোবেল মেরি জান’ রম্যরচনা থেকে। রচনাটি উপযুক্ত কটি নামসহ ভাগ হয়েছে। নামগুলি এইরকম— ওই দ্যাখ, তুমিও বিখ্যাত হলে? সেই দুঃখে —, সিলভার কার্প, বড়দিদি মেজদিদি, শাক দিয়ে মাছ, জবাব চাই জবাব দাও, সামান্য কাজ, কী ভালো লাগল আজ এই সকালবেলায়, মাস কমিউকেশন সেন্টার, জামাই আদর, উদভ্রান্ত শ্বশুরকুল, গ্রীনরুম, কনভয়, সখিসংবাদ, জরা হটকে, জরা বচকে, ইয়ে হ্যায় নোবেল মেরিজান, দ্য রাইট পার্সন, শোননি কানে হঠাৎ গানে কহিল “আহা আহা” সকল বনভূমি — ১৬ টি অংশের কৌতুক পরিবেশন হয়েছে কৌতূহলী জনতার (আত্মীয় অনাত্মীয়) প্রশ্নবিদ্ধ লেখিকার মানসিক চাপ বর্ণনার মাধ্যমে।

 

প্রাক্তন স্বামীর নোবেল পুরস্কার লাভের অনুষঙ্গে লেখিকার নিজের লেখকসত্তা গুরুত্বহীন হয়ে পড়ছে। এতটাই প্রচারের আলোয় আওয়াজে থাকতে হচ্ছে যে মনে করছেন তাণ্ডব চলছে “আর আমি লোকটা যে এতদিন ধরে কষ্ট করে লেখালেখি করলাম, বাঙালির মনে একটা ছোট্টখাট্টো জায়গা তৈরি করলুম নিজের জন্য — একটা আলফ্রেড নোবেলের ঢেউ লেগে সে সমস্তই ধুয়েমুছে গেল!”৩

 

কৌতুকরসের কৌনিক অবলোকন এই নিবন্ধের মূল অবলম্বন। ১৬ কলা পূর্ণ করে গোলাকৃতি যে চন্দ্রের উদয় তার কেন্দ্রে ১৯৯৮ সালে অমর্ত্য সেনের নোবেল পুরস্কার প্রাপ্তি ও সেই সূত্রে তত্কালীন পশ্চিমবঙ্গ সরকার-এর দেওয়া সম্বর্ধনা। বৃত্তের বাইরে থেকে লেখিকার আর দ্রষ্টা হয়ে থাকা হয়নি। পরিচিত অপরিচিতের প্রাণ ওষ্ঠাগত করা আবেদন- নিবেদন, নিদান সামলানোর এক রসময় কাহিনী এই সন্দর্ভ যা শারদীয়া দেশ, ১৯৯৯-এ প্রকাশিত হয়েছিল।

 

নবনীতা নামটি রবীন্দ্রনাথ রেখেছেন। পিতামাতার সূত্রে শান্তিনিকেতন প্রিয় হয়েছিল পরবর্তীতে শ্বশুরবাড়ি। লেখিকার কথায় “এক কবির গর্ভে আরেক কবির ঔরসে আমার জন্ম।”৪

 

সুকবি, অনুবাদক, সিনেমা সমালোচক, শিল্পী নরেন্দ্র দেব বাবা। মা কবি, লেখক শুধু নন, স্বনামে, ছদ্মনামে কবিতা লিখে রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীকে বিস্মিত করেছেন। এই কবি দম্পতি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের বিশেষ স্নেহধন্য ছিলেন। বাঙলা সাহিত্যজগতের বহু দিকপাল এঁদের ‘ভালোবাসা’ বাড়িকে ভরিয়ে রাখতেন। এহেন বিখ্যাত পিতামাতার স্বনামধন্য লেখিকা তাঁর কন্যাদের পিতার নোবেল পুরস্কার লাভে অবশ্যই আনন্দিত। কিন্তু শহরে চেনা অচেনা পরিধিতে এটাই তাঁর বড় পরিচয় হয়ে, বলা চলে অতিকায় রূপ ধারণ করে ব্যক্তির  নিজস্বতা হরণ করে ফেলছে, তারই কথকতা এই নিবন্ধ।

 

ইতিবাচক নেতিবাচক দুই অর্থেই গৌরবের থেকে বেশি রব হয়ে উঠছে যখন নোবেল প্রাইজ বিষয়ক প্রশ্ন-উত্তর নাদ; বিস্তারিত হচ্ছে লেখিকার ক্লান্তি তখন একদিন মেট্রোরেলের কামরায় এমন এক নাটকীয় ঘটনা ঘটল যার পরিচালিকা হয়ে গেলেন নবনীতা নিজেই। মেট্রোতে আলোচনা হচ্ছে ‘সজ্জনপণ্ডিত’ অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি যথাযথ সম্মান।

 

কেউ বলছেন দেশের দারিদ্র্য দূর না যদি হয় তো নোবেল পেয়ে কোন উপকার হল — নবনীতা এই যাত্রায় ভয় পাচ্ছেন — এক্ষুনি যদি তাঁর আলোচনা শুরু হয় অথবা তিনি যদি যাত্রীদের নজরবিদ্ধ হন। না আলোচকরা তাকে দেখেননি। আবিষ্কার করল অন্য এক যাত্রী যে কবি-লেখিকা নবনীতা দেবসেনকে সামনে দেখে বিহ্বল। সঙ্গে রয়েছে সদ্য প্রকাশিত নবনীতার একটি বই, যাতে সে প্রিয় লেখিকার সই চায় — কিন্তু আত্মপরিচয় গোপন করবেনই নবনীতা কারণ মেট্রোর কামরাটা মনে হচ্ছিল ‘অমর্ত্য সেন স্পেশাল সেমিনারে’ পরিণত হয়েছে আর লেখিকার ‘বুক ধুকপুক’ করছে যদি তিনি আবিষ্কৃত হয়ে যান। সহযাত্রিনীর সঙ্গে কথাবার্তা এইরকম —- “প্রত্যেকটা বই বেরুলেই কিনে ফেলি। আমার মাও খুব ভালোবাসেন নবনীতা দেবসেনের লেখা…আপনি নবনীতা নন জেনে মনটা খারাপ হয়ে গেল…এমন আশ্চর্য মিলও হয় মানুষে মানুষে…।”৫ সহযাত্রিনী দুঃখ করেন আশাহত হয়ে — “আমার যেমন কপাল।” গন্তব্যের আগেই নেমে নবনীতা একই উচ্চারণ করেন — “ আমারও কপাল বটে একখানা!”৬ নোবেলপ্রাপকের ‘ফার্স্ট ওয়াইফ' চেনা অচেনার বৃত্তে এতটাই জর্জরিত যে নিজের আইডেনটিটি লুকোতে ব্যস্ত হয়ে পড়েন।

 

টুক করে কুম্ভমেলা ঘোরার ইচ্ছা হয়েছিল —তাও কোথা থেকে কোথায় — হায়দরাবাদে ন্যাশনাল ইন্টিগ্রেশন-এর সেমিনার করে তিনি যাবেন এলাহাবাদের পূর্ণ কুম্ভমেলা। বড়দের আপত্তি আসছে, আর লেখিকা ভাবছেন “...নেহাত মেয়ে বলেই এত কিছু বলে?... যদিও শিক্ষিত মেয়েদের একা ভ্রমণের পক্ষে এত নিরাপদ, এত সুসভ্য সমাজ আমাদের এই গরীব দেশটির তুলনায় পৃথিবীতে আর একটাও আছে কিনা জানি না। অবিশ্যি আমার কথা দিয়ে বিচার করা হয়তো খুব ঠিক নয়, কেননা আমি সর্বত্রগামী, মুক্তকচ্ছ জীব বিশেষ। সেই জন্মাবার সময় যা ‘হিন্দুফিমেল’ ছিলাম, আবার মরবার পরে হবো।”৭

 

নবনীতার কৌতুকরস পরিপূর্ণ রচনা অনেক। আমাদের আলোচ্য নিবন্ধের হাস্যপরিহাস এমন যেখানে হাসতে হাসতে চোখে জল আসে। এই জল জানান দিচ্ছে সমাজের সদাজাগ্রত কৌতূহল ব্যক্তিগত কিছুই রাখছে না। তাই ‘জরা হটকে, জরা বচকে’ নিজে আত্মগোপনের পথ নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষ নারী-পুরুষ উভয়েই। একটি মানুষের আচরণ বিচরণ সব এক্স রে মেশিনের তলায় পড়লে সেই ব্যক্তির অবস্থা সুমনের গানের কথা ধার করে বলতে হয় ‘গোপনীয়তার নেই মালিকানা’— পুরুষের ক্ষমতাবান হয়ে ওঠাকে ঈশ্বরের দান ভাবতে চান না নবনীতা দেবসেন। একলা মেয়ের  ভয় নয়, দুনিয়া জয়ের রাজপথ লেখা হয় নবনীতার লেখনীতে।

 

তথ্যসূত্র

১. প্রতিদিন রোববার, ১৯ আগস্ট, ২০২৬ সম্পাদকীয়।

২. জরা হটকে এবং অন্যান্য — বিকল্প প্রকাশনী, পৃষ্ঠা ৯।

৩. তদেব।

৪. নব-নীতা (মিত্র ও ঘোষ) নিজের কথা, প্রথম প্রত্যয়, পৃষ্ঠা ৪৩৭।

৫. জরা হটকে এবং অন্যান্য (বিকল্প), পৃষ্ঠা ৩৪।

৬. তদেব।

৭. নব-নীতা (মিত্র ও ঘোষ) করুণা তোমার কোন পথ দিয়ে, পৃষ্ঠা ২৭।

লেখক : অধ্যাপক, প্রাবন্ধিক 

ছবি : সংগৃহীত 

0 Comments

Post Comment